সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান শাহিদা আক্তার
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন প্রত্যাশা করেছেন জাতীয়তাবাদী মহিলা দল বাগেরহাট জেলা শাখার সভানেত্রী শাহিদা আক্তার।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি এ দাবি জানান।
শাহিদা আক্তার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি এমএ (বাংলা) ডিগ্রিধারী এবং পেশায় অধ্যাপনার সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেত্রী ১৯৯৩ সালে খানজাহান আলী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে উপজেলা, থানা ও জেলা পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে জেলা সভানেত্রীর দায়িত্বে আছেন তিনি।
শাহিদা আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে জড়িত আছি। তৃণমূল থেকে উঠে এসেছি। সংরক্ষিত নারী আসনে সুযোগ পেলে নারীর অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিয়ে কাজ করতে চাই।”
স্থানীয় নেত্রী মিনারা বেগম জানান, “তিনি দীর্ঘদিন ধরে দলকে সময় দিয়েছেন এবং তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক গভীর। আমরা মনে করি তিনি যোগ্য প্রার্থী।”
মামুন শেখ বলেন, “শুধু রাজনীতিবিদ নন, তিনি দক্ষ সংগঠকও। নারী উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।”
নয়ন বলেন, “ছাত্রজীবন থেকে দলের আদর্শে অবিচল রয়েছেন তিনি। সংরক্ষিত নারী আসনে গেলে দল আরও শক্তিশালী হবে।”
জান্নাতি আক্তার বলেন, “নারী অধিকার ও সামাজিক সচেতনতায় তাঁর ভূমিকা সবসময় অগ্রগণ্য।”
উল্লেখ্য, শাহিদা আক্তার বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এবং ১৯৯৫ সালে চীনের বেইজিং-এ অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনেও অংশগ্রহণ করেন।
১২১ বার পড়া হয়েছে