ভালোর ভালো সর্বকাল, আর মন্দের ভালো কিছুকাল ---
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রত্যন্ত গ্রামের মানুষ ইকবাল সরদারকে শুধু নামেই চেনে না—চেনে এক ধরনের ভরসা হিসেবে। ষাটোর্ধ্ব এই মানুষটি গ্রামীণ লোকজ ইতিহাস, গল্প-কাহিনী আর অভিজ্ঞতার এক জীবন্ত ভাণ্ডার।
বংশপরম্পরায় সামাজিক দায়িত্ব পালন করতে করতে তিনি হয়ে উঠেছেন গ্রামের প্রামাণিক—মাতুব্বর। বংশ বড়, লোকসংখ্যা বেশি, তাই গ্রামের অনেক কথাই শেষ পর্যন্ত এসে থামে তাঁর কাছেই।
কথা প্রসঙ্গে একদিন তিনি বলছিলেন তাঁর শৈশবের কথা। শহর থেকে দূরের এই প্রত্যন্ত গ্রামে তখন অভাব ছিল নিত্যসঙ্গী। শুধু খাবার বা আর্থিক নয়—মানুষের সভ্যতা আর সৎ স্বভাবেরও ছিল চরম অভাব। সেই অভাব থেকেই জন্ম নিত অসৎ পথ, আর অনৈতিক কাজ। প্রায়ই গ্রামে বসত সালিশ দরবার। অবাক করার মতো বিষয় হলো—একই ব্যক্তি একাধিকবার একই অসামাজিক কাজে জড়িয়ে পড়েও নির্লজ্জের মতো চলাফেরা করত। অথচ গ্রামের অনেক সাধারণ মানুষকে তখন লজ্জায় চোখ নামিয়ে, মুখ ঢেকে চলতে হতো।
সেই সময় ইকবাল সরদারের বাবা জীবিত ছিলেন। তিনি ছিলেন সহজ-সরল কিন্তু দৃঢ় নীতির মানুষ। শুধু নিজের সন্তানদের নয়, গ্রামের অনেককেই তিনি একটাই কথা বলতেন—
“মনে রেখো- ভালোর ভালো সর্বকাল, আর মন্দের ভালো কিছুকাল।”
এই কথাটিই যেন ইকবাল সরদারের জীবনের দিশারি হয়ে উঠেছে। কথাটা বলতে বলতেই হঠাৎ দুই হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে ফেলেন ইকবাল সরদার। কান্নাজড়িত কণ্ঠে বলেন,
আজও বাবার কথার বাইরে যাইনি।
তিনি জানান, অন্যের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন বহু বছর। সুযোগ ছিল অবহেলা করার, অসৎ পথে যাওয়ার। কিন্তু কখনো যাননি। সৎ পথে চলতে গিয়ে অনেক সময় নিজেকে অবহেলিত, ছোট মনে হয়েছে।
আবার একই সঙ্গে মনে হয়েছে, তিনি খুব ভালো আছেন। কারণ তাঁর বিশ্বাস, মানুষ গোপনে যা করে, আড়ালে যা ভাবে—সবই সৃষ্টিকর্তা জানেন। ইহলোক বা পরলোক—কোনো না কোনো সময় প্রত্যেককেই নিজের কৃতকর্মের ফল ভোগ করতেই হয়।
ইকবাল সরদারের দুই ছেলে। বড় ছেলে ভালো বেতনের চাকরি করে শহরে থাকে, পরিবার নিয়ে সুখেই আছে। আরেক ছেলের পড়াশোনা শেষের পথে। তিনি বলেন, বাবার কাছ থেকে পাওয়া সেই শিক্ষাই তিনি বারবার তাঁর ছেলেদের বলেন—ভালো ও সততার সঙ্গে চলতে। কারণ তিনি জানেন, এই শিক্ষা শুধু ব্যক্তি নয়, সমাজকেও আলোকিত করে।
ইকবাল সরদারের গল্প আমাদের মনে করিয়ে দেয়—
সময়ের চাপে, অভাবের তাড়নায়, অন্যায়ের ভিড়ে সৎ থাকা কঠিন হলেও তা কখনো বৃথা যায় না। মন্দ পথ হয়তো কিছুদিন ঝলমল করে, কিন্তু টিকে থাকে না। আর ভালো পথ—নীরব, ধীর—তবু স্থায়ী।
ভালোর ভালো সর্বকাল।
এই কথাটাই আজ সমাজ বদলের সবচেয়ে শক্তিশালী মন্ত্র হয়ে উঠতে পারে।
লেখক: সাংবাদিক।
১৪২ বার পড়া হয়েছে