কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল আলম বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
নির্বাচনি ফলাফলে জানা গেছে, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউল্লাহ আমিন রিকসা থেকে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন। প্রাথমিকভাবে দেশের ২৯৯ আসনের মধ্যে এটি সর্বোচ্চ ব্যবধানে জয় হিসেবে ধরা হচ্ছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৬ আসনের মোট ভোটারের মধ্যে ৫৬ শতাংশ ভোটার ভোটদান করেছেন। ৪ লাখ ২০ হাজার ৬৪৭ ভোটের মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৪১৪টি ভোট বৈধ গণনা করা হয়েছে। শরিফুল আলম ‘ধানের শীষ’ প্রতিকে ৭৯ শতাংশ ভোট (১ লাখ ৮৫ হাজার ৭৯৫) পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউল্লাহ আমিন রিকসা পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
শরিফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে পাঁচবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সত্ত্বেও ২০১৮ সালের নির্বাচনে তার জয়কে রাতের আঁধারে ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা জানান, ভৈরব ও কুলিয়ারচরে জিল্লুর রহমানের বিকল্প নেতা হিসেবে একমাত্র যোগ্য প্রার্থী ছিলেন শরিফুল আলম। স্বাধীনতা পরবর্তী এই আসনে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিজয় হতো; তবে ১৯৯১ এবং ২০২৬ সালে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, 'ভোটাররা ১২ ফেব্রুয়ারি তাদের ভোট প্রয়োগের মাধ্যমে বিগত সতের বছরের ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা এই বিজয়কে জনকল্যাণে কাজে লাগাব।'
১২১ বার পড়া হয়েছে