ঢাকা-২০ আসনে (ধামরাই) বিপুল ভোটে জয়ী তমিজ উদ্দিন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-২০ (ধামরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন আলহাজ্ব তমিজ উদ্দিন।
বিএনপির এই প্রার্থী ১৪৭টি কেন্দ্রের সবকটিতেই এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন, যা ধামরাইয়ের নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে ধামরাই উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও খান সালমান হাবিব।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (শাপলা কলি) পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৪ হাজার ৮৫, যা আসনটিতে বড় ধরনের জয় হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের প্রার্থী (দেয়ালঘড়ি) পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট। জাতীয় পার্টি (নাঙ্গল) প্রার্থী আহছান খান পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, এবি পার্টি (ঈগল) প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট এবং বাংলাদেশ জাসদ (মোটর গাড়ি) প্রার্থী মো. আরজু মিয়া পেয়েছেন ১৯৮ ভোট।
এই ফলাফলের মাধ্যমে ধামরাই আসনে বিএনপির শক্ত অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৭০ বার পড়া হয়েছে