মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসক ও পুলিশের এক সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের হামলায় তারা গুরুতর আহত হন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী মোহাম্মদ আবু আহসান জানান, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন রোগী একসঙ্গে হাসপাতালে আনা হয়। এর কয়েক মিনিট পর শ্বাসকষ্টে আক্রান্ত আরও এক রোগী জরুরি বিভাগে ভর্তি হন। সে সময় জরুরি বিভাগে দায়িত্বরত ছিলেন চিকিৎসক ডা. আসাদুর রহমান।
চিকিৎসাধীন রোগীদের সেবা দেওয়ার সময় এক রোগীর স্বজনকে রোগীর জন্য নির্ধারিত চেয়ার ছেড়ে দিতে বলেন ডা. আসাদুর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জন যুবক জরুরি বিভাগে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে সেখানে কর্মরত ডিএসবি সদস্য মাইনুদ্দিনও মারাত্মকভাবে আহত হন।
হামলার পর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।
হামলার শিকার চিকিৎসক ডা. আসাদুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে হামলাকারীদের তিনি শনাক্ত করতে পারেননি বলে জানান।
১৩৮ বার পড়া হয়েছে