পাবনায় বিএনপির দুই হেভিওয়েট নেতাকে হারিয়ে ৩ আসনে জামায়াতের জয়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি দুই আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত প্রার্থীরা। এ নির্বাচনে বিএনপির দুই হেভিওয়েট কেন্দ্রীয় নেতার পরাজয় বিশেষভাবে আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বেসরকারিভাবে পাঁচটি আসনের ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৫ ভোট।
পাবনা-২ (সাঁথিয়া-বেড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। ১ লাখ ৩৮ হাজার ১৬৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন সেলিম রেজা হাবিব।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মাদ আলী আছগর ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। এ আসনে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির হেভিওয়েট প্রার্থী তুহিন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।
অন্যদিকে, পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯৯৪ ভোট। ১৭ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে বিজয়ী হন শিমুল বিশ্বাস।
১৪৯ বার পড়া হয়েছে