খুলনার ৮৪০ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তা বলয়ে নির্বাচন
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনার ছয়টি সংসদীয় আসনে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।
জেলার মোট ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যা মোট কেন্দ্রের প্রায় ৬৭ শতাংশ।
জেলা পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, আসনভিত্তিক ঝুঁকি বিশ্লেষণে খুলনা-৬ আসন সবচেয়ে বেশি স্পর্শকাতর। এ আসনের ৮৩ দশমিক ২২ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। এছাড়া খুলনা-১ আসনের ১১৫টির মধ্যে ৭৬টি, খুলনা-২ আসনের ১৫৭টির মধ্যে ১০৫টি, খুলনা-৪ আসনের ১৪৪টির মধ্যে ৯৫টি এবং খুলনা-৫ আসনের ১৫০টির মধ্যে ৮৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। প্রতিটি এলাকার ভৌগোলিক অবস্থান, অতীতের নির্বাচন পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি সাধারণ কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৪ জন পুলিশ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাসহ ৫ জন পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি থাকবে ১৩ জন আনসার সদস্য। দুর্গম ও যানবাহন চলাচল অযোগ্য এলাকায় মোবাইল পেট্রোলিং ও স্ট্রাইকিং রিজার্ভ টিম বাড়ানো হয়েছে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরাও মাঠে থাকবেন। অতি গুরুত্বপূর্ণ ৩০০টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।
১৫২ বার পড়া হয়েছে