গোপালগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষায় উৎসবমুখর ভোটাররা
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটকেন্দ্রে যাওয়ার জন্য। ইতোমধ্যে জেলার সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে এবং নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, গোপালগঞ্জ জেলায় তিনটি সংসদীয় আসন রয়েছে। গোপালগঞ্জ-০১ আসনটি মুকসুদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩৮টি।
গোপালগঞ্জ-০২ আসনে রয়েছে সদর উপজেলার একটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন এবং কাশিয়ানীর আরও ৭টি ইউনিয়ন। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৩২৪ জন এবং কেন্দ্র রয়েছে ১৫১টি।
অন্যদিকে গোপালগঞ্জ-০৩ আসনটি টুঙ্গিপাড়া উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন এবং কেন্দ্রের সংখ্যা ১০৮টি।
তিনটি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটের দিন ঘিরে ভোটারদের মাঝে বইছে আনন্দের আমেজ।
বুধবার সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামসহ জেলার পাঁচটি উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, গণভোটের ব্যালট, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৮৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। দায়িত্বে থাকছে পুলিশ, আনসার সদস্যরা। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা জুড়ে টহল ও চেকপোস্ট কার্যক্রমও চালু রয়েছে।
ভোটাররা জানান, ভোটাধিকার ফিরে পাওয়ায় তারা আনন্দিত এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অধিকাংশ কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে