কুষ্টিয়ায় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের পাশে এসব বস্তু পাওয়া যায়।
স্থানীয় রাজমিস্ত্রী মো. ফরিদ খান জানান, সকালে তিনি বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী অফিসের পাশে নেপিয়ার ঘাসক্ষেতে প্রসাব করতে গিয়ে দুটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ দুটি মুখবন্ধ অবস্থায় থাকায় তিনি সন্দেহজনক মনে করে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ব্যাগ দুটি তল্লাশি করে লাল টেপে পেঁচানো চারটি বড় ও ছয়টি ছোট আকারের ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য রাখা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি থেকে মোট ১০টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে। এগুলো এখন পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় রয়েছে।
এ বিষয়ে কুমারখালী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর তারিক বলেন, “এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি বাজারের ব্যাগ থেকে ৯ থেকে ১০টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছি। এগুলো পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় পুলিশ ও প্রশাসন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে