রেকর্ড সংখ্যক ভোট পাওয়ার আশা নজরুল ইসলাম আজাদের
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ নির্বাচনে ব্যাপক জনসমর্থনের আশ্বাস দিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন।
আজ দুপুরে আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে আজাদ বলেন, “জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জয়ী হবো।”
সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজনের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগও তুলেছেন। তিনি জানান, আঙ্গুর ও সুমনের ম্যানেজারের টাকা বিতরণের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, “আমরা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছি, থানায় জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি। তবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানি না। প্রশাসন শুধু বিএনপির নেতাকর্মীদের খুঁজছে, দুর্বৃত্তদের দিকে নজর দিলে ভালো হতো। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে লাভ নেই।”
১০৬ বার পড়া হয়েছে