মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট ৩ আসনের মোংলা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানিয়েছেন, ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, সিল ও অন্যান্য নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। নৌবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের কঠোর পাহারায় সরঞ্জামগুলো নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
মোট ৫২টি কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। শারমিন আক্তার সুমি জানান, “প্রথমে দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে। প্রয়োজন হলে পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সার্বক্ষণিক মাঠে থাকবেন। পাশাপাশি তিনজন ম্যাজিস্ট্রেটও মাঠে উপস্থিত থাকবেন।”
মোংলা ও রামপাল মিলিয়ে বাগেরহাট ৩ আসনে মোট ১০৬টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে মোংলায় ৫২টি এবং রামপালে ৫৪টি কেন্দ্র। আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন।
উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
১৫০ বার পড়া হয়েছে