জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : ইকবাল হাসান
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, 'আওয়ামী লীগ বাতিল হওয়ায় জামায়াত হঠাৎ করে দুই নম্বর দল হয়ে গেছে। কিন্তু বাস্তবে তারা কখনো ১০-১২ শতাংশের বেশি ভোট পায়নি। তারা এক নম্বর হওয়ার আশা করছে, যা বাস্তবে সম্ভব নয়।'
টুকু আরও বলেন, 'মহিলাদের দিয়ে দু’চারটি তালিম করলেই কেউ জামায়াত হয়ে যায় না। এবার আমরা নির্বাচনে মাঠে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছি। ভোটাররাই আমাদের বলে দিচ্ছেন, দাঁড়িপাল্লা থাকলে ভোট কমে যায়।'
তিনি আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'আওয়ামী লীগ আগে স্বচ্ছ ভোটে বিজয়ী হয়েছে, কিন্তু পরবর্তীতে অসৎ পথে ক্ষমতায় টিকে থেকেছে। তবুও আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছেন। নির্বাচনের পর নির্দোষদের মামলা থেকে মুক্তি দেওয়া হবে। সবাই মিলে স্বাধীনতার পক্ষে ধানের শীষে ভোট দেবেন। নির্বাচনে বিজয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করবেন।'
এ সময় জনসভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবুল, জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল এবং বিএনপি নেতা গোলাম আযম।
১০৮ বার পড়া হয়েছে