জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী বুধবার থেকে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর।
এ সময় বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট তিন দিন বন্দর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে যথারীতি বন্দর কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে নির্বাচন উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েও নির্দিষ্ট সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যাত্রী পারাপার ও বন্দর কার্যক্রম আগের নিয়মে চালু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
১০৭ বার পড়া হয়েছে