ফেনী-১ আসনে উন্নয়ন ও সংকট নিয়ে তরুণদের মুখোমুখি বিএনপি প্রার্থী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফেনী-১ আসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে পরশুরাম উপজেলার সমসের গাজী দিঘির পাড় ইদগাহ মাঠে ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচ শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তরুণরা ফেনী-১ আসনের নানা সমস্যা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, বল্লামুখা বাঁধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি যুবসমাজে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
এছাড়া বিভিন্ন কলেজে ছাত্রদলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তরুণরা। শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ব্যবহারের সুযোগ বৃদ্ধি, খেলাধুলার মাঠের অভাব এবং কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়ন বিষয়ে তারা একাধিক প্রশ্ন উত্থাপন করেন।
জবাবে রফিকুল আলম মজনু বলেন, এলাকার উন্নয়ন পরিকল্পনায় তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহাম্মদ, পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকছুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম সাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১০৭ বার পড়া হয়েছে