৩৩ পদাতিক ডিভিশন ভোটের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালাবে
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি বা নির্বাচনের ওপর প্রভাব বিস্তার রোধ করাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।
এমন তথ্য জানিয়েছেন ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল কে এম মেহেদী হাসান।
রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। নির্বাচনের সময় এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চলমান। ইতোমধ্যেই বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এগুলো নির্বাচনের সময় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপ।
ডিভিশন সূত্রে জানানো হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করা হবে।
৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, যেকোনো পরিস্থিতিতেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সেজন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অবশেষে, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়। দেশবাসীকে আশ্বস্ত করে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইউনিট মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
১০৫ বার পড়া হয়েছে