'ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না'
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নির্বাচনী জনসভায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণ বাধা দিলে ভোটকেন্দ্র দখলকারীরা পালানোর সুযোগ পাবে না।
রোববার দুপুরে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
প্রধান আলোচকের বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল ধর্মীয় মূল্যবোধ ও পর্দা প্রথার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, যারা আজ মা-বোনদের বোরখা ও হিজাব খুলে দেওয়ার চেষ্টা করছে, তারা ক্ষমতায় এলে দেশের সামাজিক ও নৈতিক কাঠামো ধ্বংস করবে।
ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ তুলে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে কেউ যদি ভোটাধিকার হরণের চেষ্টা করে, তাহলে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণের ভোটাধিকার রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, পুরোনো ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তি এবং চাঁদাবাজ-টেন্ডারবাজরা চায় না তরুণ নেতৃত্ব এগিয়ে আসুক। এ লড়াইয়ে জনগণকে দায়িত্ব নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের নির্বাচনে ভোটাধিকার হরণের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন, এবারের নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চায় তাদের জোট। তিনি বিএনপির বিরুদ্ধে অভ্যন্তরীণ সহিংসতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় এনসিপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
১২১ বার পড়া হয়েছে