কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেনের ৩৭ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ৩৭ দফা নির্বাচনী অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।
“করব কাজ, গড়বো দেশ-সবার আগে কলাপাড়া” এই স্লোগানকে সামনে রেখে পরিকল্পনাটি উপস্থাপন করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে টিম ৯১-এর আয়োজনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন টিম ৯১-এর সদস্য মাসুদ মনিরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন।
টিম ৯১-এর সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ টিম ৯১-এর নেতৃবৃন্দ।
উন্নয়ন পরিকল্পনায় উল্লেখ করা হয়, বিএনপি ক্ষমতায় এলে পায়রা সমুদ্র বন্দরকে পুরোপুরি সচল করা হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে শিল্পকারখানা স্থাপন করা হবে। পাশাপাশি কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া কলাপাড়া ও রাঙ্গাবালীর অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে বৃক্ষরোপণ, খাস জমিতে বনায়ন, কৃষি ব্যবস্থার আধুনিকায়ন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন, শিক্ষার মানোন্নয়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, টিম ৯১ ঘোষিত ৩৭ দফা উন্নয়ন পরিকল্পনা বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি অভিযোগ করে বলেন, পায়রা বন্দরে বিগত সরকার প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করলেও বর্তমানে বন্দরটিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।
বিএনপি ক্ষমতায় এলে পায়রা বন্দরকে আধুনিক ও কার্যকর আন্তর্জাতিক বন্দরে রূপান্তর করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এসময় তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এই ঝুঁকি মোকাবেলায় ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং টিম ৯১-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
১৫৭ বার পড়া হয়েছে