বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা নিয়ে গঠিত নাটোর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ আজ বাঁচা–মরার প্রশ্নে রাজপথে নেমে এসেছে।
একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। হিন্দু-মুসলিমসহ সব শ্রেণি-পেশার মানুষ মনে করছে, ওই দলটি ক্ষমতায় এলে দেশের মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপিই একমাত্র বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি।
শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিকশা, ভ্যান, অটো ও সিএনজি চালকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১০৫ বার পড়া হয়েছে