আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনার তালতলীতে আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিরোন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঘটনার পর আত্মগোপনে গিয়ে ঢাকায় পালানোর চেষ্টা করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। র্যাব সূত্র জানায়, মামলার পর বৃহস্পতিবার সকালে হিরোন হাওলাদার কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় পটুয়াখালী র্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে বৃহস্পতিবার বিকেলে তাকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার সকালে তালতলী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানিয়েছে, আলোচিত এই গণধর্ষণ মামলার সুষ্ঠু ও গভীর তদন্তের স্বার্থে আদালতের কাছে হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করা হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা প্রধান আসামির রিমান্ড আবেদন করব। পাশাপাশি অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে এক নারীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় হিরোন হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে এবং বাকি তিনজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৬৮ বার পড়া হয়েছে