নেত্রকোনার মোহনগঞ্জে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ড্রেন থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে শহরের গরুহাট্টা এলাকার শিয়ালজানি খালের ওয়াকওয়ের পাশের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন পথচারী ওয়াকওয়ে দিয়ে হাঁটার সময় তীব্র দুর্গন্ধ টের পান। পরে তারা দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে ড্রেনের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে মোহনগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
উদ্ধারের পর মরদেহ থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিচয় নিশ্চিত করতে পিবিআই ও সিআইডি টিমকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে