সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ও দুর্গম হাওরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের আওতাধীন ১০টি উপজেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গত ৩১ জানুয়ারি থেকে পূর্ণ মাত্রায় ২৪ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা টহল অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির গণমাধ্যমে ব্রিফিংয়ে জানান, জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া আরও একটি সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে বাহিনীটি। অন্যদিকে, ছয়টি উপজেলায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি।
তিনি আরও জানান, গত ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি সদস্যরা বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে রেকি (পর্যবেক্ষণ) কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করা হচ্ছে।
নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে বিজিবি। টহল ও দায়িত্ব পালনকালে ড্রোন এবং বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানান অধিনায়ক।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
২২৯ বার পড়া হয়েছে