খাগড়াছড়িতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও দোয়া মাহফিল
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের স্মরণে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
পার্বত্য জেলা খাগড়াছড়ির বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বুধবার বাদ জোহর এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুব আলমের উদ্যোগে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল করিম মাদ্রাসার শুরা কমিটির অন্যতম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা রাকিব মণি ইফতি ও মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা সোয়েব খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আরিফ এবং সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী। উপস্থিত সকলে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
স্থানীয় বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের বীরদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
১০৪ বার পড়া হয়েছে