খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা, নৈতিকতা ও সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
রাজধানীর খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহাদাত হোসেন সরকার (সুমন)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও খিলগাঁও থানা বিএনপির সদস্যসচিব মামুনুর রশীদ আখন্দ।
সভাপতির বক্তব্যে মো. শাহাদাত হোসেন সরকার বলেন, শিক্ষাজীবনের এই বিদায় কোনো সমাপ্তি নয়; বরং উচ্চতর পর্যায়ে এগিয়ে যাওয়ার একটি ধাপ। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ জীবন গঠনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সুশিক্ষা একজন মানুষকে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পরীক্ষার সময় সতর্কতা, আত্মবিশ্বাস ও মনোযোগ ধরে রাখার পরামর্শ দেন।
প্রধান বক্তা মামুনুর রশীদ আখন্দ বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং নিয়মিত পরিশ্রমের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও গার্লস স্কুলের সভাপতি অ্যাডভোকেট ফারুখ উল ইসলাম, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, খিলগাঁও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এ ছাড়া কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের আপ্যায়ন করা হয়।
১৩১ বার পড়া হয়েছে