থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন
রবিবার, ১০ মে, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পর্দার জনপ্রিয় তারকা থেকে রাজনীতির শীর্ষ পদে—তামিল সুপারস্টার Thalapathy Vijay এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ শপথ নেন।
শপথগ্রহণের সময় সাদা শার্ট ও ব্লেজার পরিহিত বিজয়কে ঘিরে স্টেডিয়ামজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত দর্শকরা করতালিতে মুখর করে তোলেন পুরো পরিবেশ। অনুষ্ঠানে তার বাবা-মায়ের উপস্থিতিও বিশেষভাবে লক্ষ করা যায়।
অনুষ্ঠানে দীর্ঘদিনের সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণান নীল সিল্কের শাড়ি পরে উপস্থিত হয়ে ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ সৃষ্টি করেন।
নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১০টি আসন কম ছিল। পরে কংগ্রেস, বামপন্থী ও অন্যান্য ছোট দলের নিঃশর্ত সমর্থনে সরকার গঠন সম্ভব হয়।
অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘ সময় পর তামিলনাড়ুর শাসক জোটে কংগ্রেসের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়।
শপথ গ্রহণের আগে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজয়। তবে শপথের পরও তার সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়টি, যা আগামী কয়েক দিনের মধ্যেই নির্ধারিত হবে।
১২৩ বার পড়া হয়েছে