সর্বশেষ

সারাদেশ

পুলিশের এএসআই হত্যা মামলায় পারভেজ রহমান পলাশের মৃত্যুদণ্ড

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুর নগরীর হারাগাছ এলাকায় পুলিশের এএসআই মো. পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে রংপুর মহানগর আদালতের অতিরিক্ত দায়রা জজ মোছাম্মৎ মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কঠোর পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার বাহার কাছনা খাতমুন নেছা মসজিদের পাশে পাকা রাস্তায় পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে শীর্ষ মাদক ব্যবসায়ী পারভেজ রহমান পলাশ পুলিশের এএসআই পিয়ারুল ইসলামকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় পরের দিন ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আসামি পারভেজ রহমান পলাশের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রায় ঘোষণার সময় বিজ্ঞ বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাকে আটক করতে গেলে আসামি হাতে থাকা ছুরি দিয়ে এএসআই পিয়ারুল ইসলামকে উপর্যুপরি আঘাত করেন, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের সময় এভাবে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হাদি বেলাল বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে মামলাটি প্রমাণ করতে সক্ষম হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় বাদীপক্ষ সন্তুষ্ট।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, তাঁর মক্কেল ন্যায্য বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন