গুরুদাসপুরে কলেজের ২ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপকের কাছে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজের শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও ভুক্তভোগী শিক্ষকরা জানান, আজ দুপুরে এক ডাকপিয়ন কলেজে এসে সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের হাতে দুটি পৃথক খাম তুলে দেন। খাম খুলে তারা ভেতরে কাফনের কাপড় দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে কলেজের অন্যান্য শিক্ষকদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
খামের প্রেরকের স্থানে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খরখড়িয়া গ্রামের লিটন হোসেনের নাম উল্লেখ ছিল। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি গুরুদাসপুর থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে খাম ও কাফনের কাপড় জব্দ করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে খামের ওপর লেখা ঠিকানার ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে