সর্বশেষ

সারাদেশ

ওয়াই-ফাই চালুর উদ্যোগ, কক্সবাজার ট্রেন থেকেই শুরু হলো ফ্রি নেট সার্ভিস

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পর্যটনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও দূরপাল্লার ট্রেনে পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলোতে ধাপে ধাপে ফ্রি ওয়াই-ফাই চালুর কাজ শুরু হয়েছে। একই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলোকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি পর্যটক আকর্ষণে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। তবে এ ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সৌজন্যমূলক আচরণ এবং শহর পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এর মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজতর হবে। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহেন আসিফ আসাদ। এছাড়া বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার ডিজিটাল রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বিটিসিএলের ইন্টারনেট সংযোগে গ্রাহকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়। বিশেষ করে, বৃহস্পতিবার কোনো লাইনে সমস্যা দেখা দিলে তা অনেক ক্ষেত্রে রবিবারের আগে কিংবা আরও কয়েকদিন পরও সমাধান না হওয়ার অভিযোগ উঠে আসে।

মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ জানান, বিটিসিএলের সেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ও দীর্ঘসূত্রতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কক্সবাজারে মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়ন এবং ফ্রি ওয়াই-ফাই সুবিধা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে মন্ত্রী ও উপদেষ্টা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন ক্যাবল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এবং ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন