কাশিয়ানীতে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ শেখ শহিদুল ইসলাম আকাশ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার হোসেন, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকের একটি বড় চালান মজুদ রয়েছে এমন তথ্য পেয়ে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে শেখ শহিদুল ইসলাম আকাশকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মোট পাঁচটি মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
১৭৬ বার পড়া হয়েছে