প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের ব্যানারে অংশ নিয়ে বিভিন্ন সদস্যরা দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের গোপালগঞ্জ জেলার সভাপতি আমিয় সরকার, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বিএনপি ঘোষিত ১ কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা গোপালগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সদস্য। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ইশতেহারে ঘোষণা করেছিল, সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে এক কোটি বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সেই ঘোষণার ভিত্তিতে তারা ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়েছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিএনপি সরকার গঠনের প্রায় দুই মাস অতিবাহিত হলেও সাধারণ দরিদ্র পরিবারের বেকার নারী-পুরুষরা এখনও অবহেলিত ও বঞ্চিত। তাই তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে বেকারমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করতে চান।
১২১ বার পড়া হয়েছে