সর্বশেষ

মতামত

ফুলি ম্যাডামের ইলিশ ক্রয় ও তরুন সাংবাদিকের নববর্ষ ভাবনা

ইমতিয়াজ আহমেদ
ইমতিয়াজ আহমেদ

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষকে কেন্দ্র করে বঙ্গীয় ব-দ্বীপে পান্তা-ইলিশ ভক্ষণে শহরকেন্দ্রিক একটি শ্রেণী অতি ব্যস্ত হয়ে যায়। ফুলি ম্যাডামও সে শ্রেণীভূক্ত।

সারাবছর মত্ত থাকেন রসময় বিজাতীয় রগরগে মানসিকতায়। পহেলা বৈশাখে খাঁটি বাঙালী না সাজলেই নয়। তাই পূর্বপ্রস্তুতি হিসেবে ইলিশ কেনার মনস্থির করলেন। ফুলি ম্যাডাম ইলিশ খাবেন পান্তা ভাত দিয়ে। পাঁজারো হাকিয়ে সাহেবকে নিয়ে ইলিশ কিনতে গেলেন বাজারে। বাজারে গিয়ে যথারীতি কিনলেন মস্ত বড় বড় কয়েকটি ইলিশ। আনন্দে গদগদ হয়ে ইলিশ নিয়ে মাছ বাজার থেকে বেরিয়ে পাঁজারোর কাছে এলেন। তা দেখে জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত তরুন সাংবাদিক রুবেল দৌড়ে এল ফুলি ম্যাডামের কাছে। জিজ্ঞাসা করলো, মেম ইলিশ কিনলেন যে। কত দিয়ে কিনলেন?

ফুলি ম্যাডাম বললেন, ওমা! পুঁচকে সাংবাদিক বলে কি! টাকা কোন ম্যাটার হলো? সারাবছর রাতবিরেত গরম গরম পার্টি নিয়ে ব্যস্ত থাকি। কত্ত টাকা ব্যয় করি। ক'দিন পরেই পহেলা বৈশাখ। খাঁটি বাঙালী সাজবো। পান্তা-ইলিশ ভক্ষণ করবো। আহ! কি মজা! এই বলে ম্যাডাম ফুলি সাহেবকে নিয়ে দুলেদুলে পাঁজারোতে চড়ে চলে গেলেন। রুবেল পাঁজারোর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ব্যস্ত রাস্তায় কিছুক্ষণ পর ফুলি ম্যাডামকে বহনকারী পাঁজারো রুবেলের দৃষ্টির বাইরে চলে গেল।

দিনশেষে রুবেল অফিসে এসে নিজ ডেস্কে বসে। আজকে কিভাবে প্রতিবেদন তৈরি করবে তা ভাবছে। বারবার চোখে ভেসে উঠে ফুলি ম্যাডাম ও তার ইলিশ ক্রয়ের চিত্র। মনে জাগে প্রশ্ন। বাংলা নববর্ষে ইলিশ দিয়ে পান্তা ভক্ষণের রেওয়াজ কেন চালু হলো? নববর্ষের সাথে পান্তা-ইলিশ ভক্ষণের কি সম্পর্ক? অতীতে পূর্বপ্রজন্ম কি নববর্ষের দিন পান্তা-ইলিশ খেতো? এমন অনেক প্রশ্নের উদ্রেক হয় রুবেলের মনে। অস্থির হয়ে উঠে রুবেলের মন। সন্ধ্যা পেরিয়ে গেলেও প্রতিবেদন আর তৈরি হয় না। মনে জাগা প্রশ্ন ও অস্থিরতা নিয়ে অফিস ত্যাগ করে রুবেল।

পত্রিকা অফিস থেকে সোজা রুমে চলে আসে। রাতের খাবার আর খাওয়া হয় না। রুবেলের মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে নববর্ষে পান্তা-ইলিশ ভক্ষণের জন্য ফুলি ম্যাডামের ইলিশ ক্রয়ের চিত্র। বিছানায় হেলিয়ে দেয় ক্লান্ত দেহ। সারাদিনের পরিশ্রমে দেহ ক্লান্ত হলেও ঘুম আসে না। শুধু ভাবছে আর ভাবছে। দেশীয় সংস্কৃতি নিয়ে তার আগ্রহ সেই ছোটবেলা থেকেই। বিষয়ভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও তাই দেশীয় সংস্কৃতির ঐতিহ্য ইতিহাস জানার চেষ্টা থাকে সবসময়ই। কোথাও এমন তত্ত্ব পায়নি যে, আবহমান গ্রামবাংলার মানুষ অতীতে সার্বজনিন উৎসব বাংলা নববর্ষের দিনে পান্তা-ইলিশ খেত। তাহলে কেন শহুরে একটি শ্রেণী অতি উৎসাহী হয়ে এ প্রথাটি চালু করেছে? এর সাথে বাঙ্গালী সংস্কৃতির কি সম্পর্ক? এটা ভাঁড়ামী নয় কি?

নববর্ষে সংস্কৃতির নামে পান্তা-ইলিশ ভক্ষণের ভাঁড়ামো চিত্র রুবেলকে বিষন্ন করে তুলে। মনে পড়ে মাকে। মা গ্রামে থাকেন। এ মুহুর্তে কথা বলতে ইচ্ছে করছে। কিন্তুু রাত যে অনেক হয়েছে। মা হয়তো ঘুমিয়ে পড়েছেন। মোবাইলে কল দিবে কি! ভাবে রুবেল। মানে না মন! মাকে মুঠোফোনে কল দেয়। আগত কলের রিং টোন শুনে জেগে উঠেন মা। মোবাইলে দেখেন ছেলে কল দিয়েছে। এত রাতে ছেলের কল দেখে ঘাবড়িয়ে যান। চিন্তিত মনে কল ধরে জিজ্ঞাসা করেন ছেলেকে, তোর কি কিছু হইছে! রুবেল বলে, না মা। তোমাকে মনে পড়লো তাই কল দিলাম। আচ্ছা মা বলতো, তুমি কি ছোটবেলায় বাংলা নববর্ষের দিন কখনো পান্তা-ইলিশ খেয়েছ বা কাউকে খেতে দেখেছ? হঠাৎ এই প্রশ্ন করছস ক্যান? রুবেল বলে, না মা এমনি। জানতে ইচ্ছে করলো তাই জিজ্ঞাসা করলাম। মা বলেন, না কুনু নববর্ষে খাই নাই। কাউরে খাইতেও দেহি নাই। বাজান, তুই কি নববর্ষে ছুটি পাইবি? বাড়ীতে আইবি? রুবেল বলে, মা আমি আসব। অবশ্যই আসব। আমাকে আসতে হবেই।

মোবাইলে মা'র সাথে কথা শেষ করে রুবেল মনে মনে বলে, নববর্ষের দিনে পান্তা-ইলিশ ভক্ষণের অপসংস্কৃতি চালু করেছে ফুলি ম্যাডাম গোত্রের একটি অতি উৎসাহী শ্রেণী। এরা সারাবছর মত্ত থাকে বিজাতীয় রগরগে মানসিকতায়। আর নববর্ষের দিনে ব্যস্ত হয়ে যায় পান্তা-ইলিশ ভক্ষণ করে অতি বাঙালী সাজার। এরাই চালু করেছে পান্তা-ইলিশ ভক্ষণের অপসংস্কৃতিটি। ধিক! ফুলি ম্যাডাম গোত্রীয়দের! রাত গভীর হয়। ঘুমিয়ে পড়ে রুবেল।

পরের দিন অফিসে গিয়ে রুবেল ছুটির আর্জি জানায়। ছুটির অনুমোদনও পায়। চৈত্র-সংক্রান্তির দিনেই রুবেল চলে যাবে গ্রামে মায়ের কাছে। থাকবে না এই শহরে নববর্ষের দিনে। দেখবে না পান্তা-ইলিশ ভক্ষণের অপচিত্র। গ্রামের মেটো কোলাহলে পালন করবে বাংলা নববর্ষ। যাবে গ্রাম্যমেলায়। শুনবে মেটোসুর!



লেখক : সভাপতি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন