কাশিয়ানীতে হামলা ও হত্যা হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুকুর নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাগ্নী তিথি দাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মামা জয় প্রকাশ রায় ও প্রণয় রায়ের সঙ্গে একই গ্রামের নির্মল বাইন ও তার ভাইদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১৩ মার্চ তার মামারা পুকুর সেচ দিতে গেলে প্রতিপক্ষরা তাদের গালমন্দ করে এবং পরে বাড়িতে এসে হামলা চালায়। এ সময় তাদের দুই মামাকে কুপিয়ে আহত করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করা হলেও এরপর থেকে অভিযুক্তরা তাদের জীবননাশের হুমকি দিয়ে আসছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিথি দাস অভিযোগ করেন, অভিযোগ করার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি। তিনি প্রশাসনের প্রতি দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।
এ বিষয়ে প্রণয় রায় বলেন, পুকুর নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে। বর্তমানে তারা জীবননাশের হুমকির মুখে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জয় প্রকাশ রায়, প্রণয় রায়, প্রকাশ দাস, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অশিষ কুমার মিস্ত্রীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে