সর্বশেষ

সারাদেশ

সম্পত্তির লোভে বাবাকে অপহরণের অভিযোগ: হাকিমপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ

মুসা মিয়া, দিনাজপুর
মুসা মিয়া, দিনাজপুর

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বাবাকে অপহরণের অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে। অপহরণের ১১ দিন পার হলেও এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না মেলায় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এ সময় হিলি–জয়পুরহাট সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

শুক্রবার বিকেল ৪টার দিকে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার ৬০ বছর বয়সী মেহের আলী জীবনে তিনটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর সন্তানরা পৃথকভাবে বসবাস করেন। দ্বিতীয় স্ত্রী ও তার ছেলে রাব্বি হাসান দীর্ঘদিন কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। সাত বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে মেহের আলী তাকে তালাক দেন, তবে স্ত্রী ও ছেলে একই এলাকায় অবস্থান করছিলেন। পরে মেহের আলী আলাদা বাসায় একা থাকতে শুরু করেন এবং ছয় মাস আগে তৃতীয় বিয়ে করেন।

পরিবারের দাবি, গত ৩০ মার্চ থেকে মেহের আলী নিখোঁজ রয়েছেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে জানা যায়, তাকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল। তবে পুলিশ সেখানে গেলে জানানো হয়, তাকে এরই মধ্যে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

নিখোঁজ ব্যক্তির প্রথম স্ত্রীর বড় মেয়ে স্মৃতি বেগম অভিযোগ করে বলেন, বাবা নিখোঁজ হওয়ার পর ভাই রাব্বি বারবার জিজ্ঞাসা করলেও কোনো তথ্য দেয়নি। পরে তারা জানতে পারেন, সম্পত্তি লিখে নিতে বাবাকে জোর করে নিরাময় কেন্দ্রে নেওয়া হয়েছিল।

অন্য মেয়ে মিলি বেগম বলেন, “আমার ভাই বাবাকে সম্পত্তি লিখে দিতে চাপ দিত। বাবা কখনোই মাদক সেবন করতেন না। পরিকল্পিতভাবে তাকে নিরাময় কেন্দ্রে নেওয়া হয়েছে। এখন তার কোনো খোঁজ নেই।”

প্রথম স্ত্রী ছোবেদা বেগম বলেন, থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি স্বামীর দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানান।

নিখোঁজ মেহের আলীর ভাতিজা শাহাবুল ইসলাম অভিযোগ করেন, সম্পত্তির লোভেই তাকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে এবং অভিযুক্ত রাব্বি বর্তমানে পলাতক।

এদিকে অভিযুক্ত রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মাদক নিরাময় কেন্দ্রে পুলিশ পাঠানো হয়েছিল, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে জানা যায়, তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধজনিত হতে পারে, তবে পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার আশ্বাসে কর্মসূচি শেষ করা হয়।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন