ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত: শর্তে হরমুজ প্রণালি খুলতে বললেন ট্রাম্প
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের উত্তেজনা আপাতত কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ঘোষিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
শেষ মুহূর্তে নেওয়া এই সিদ্ধান্তে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, স্থগিতাদেশ কার্যকর রাখতে হলে ইরান-কে দ্রুত ও নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে।
ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনির-এর বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর করার চেষ্টা চলছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনাও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সম্ভাব্য সংঘাত এড়ানোর কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে শর্ত পূরণ না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে