গণ–অভ্যুত্থান মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড আবেদন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর লালবাগ থানায় গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুর ১টার পর ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিন চৌধুরীকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নেয়া হয়। মামলায় দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি।
মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন মঙ্গলবার আদালতে রিমান্ডের আবেদন করেন। এ বিষয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
ডিবি সূত্র জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এ সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও অজ্ঞাতনামা ব্যক্তিরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন।
ঘটনার শিকার আন্দোলনকারী মো. আশরাফুল (ফাহিম) বলেন, তাঁর বাম চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি একই বছরের ১৭ জুলাই লালবাগ থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ ও অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলিবর্ষণ চালায়। এই মামলায় শিরীন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।
বাদী অভিযোগ করেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ অস্ত্রোপচার করা হয় এবং পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।
মামলার এজাহারে আরও বলা হয়, ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে প্রায় ৩১ জন আন্দোলনকারী নিহত হন। প্রধান আসামি শেখ হাসিনা ও তৃতীয় আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জড়িত ছিলেন। তাঁদের পরিকল্পনা ও প্রত্যক্ষ-পরোক্ষ নির্দেশে এই ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ করা হয়েছে।
ডিবি জানিয়েছে, শিরীন শারমিনকে ভোরে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন।
১২১ বার পড়া হয়েছে