মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: র্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান; সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), উপ-পরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় স্বাস্থ্যখাতের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, হাম রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন অত্যন্ত জরুরি। এ ছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও শক্তিশালী করে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা প্রতিকারের চেয়ে প্রতিরোধকে বেশি গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সকল প্রাণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
১৪৮ বার পড়া হয়েছে