সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ৩ হটস্পটে হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান 

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় একটি পৌরসভা ও তিনটি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রেখেছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার সকাল থেকে একযোগে এসব এলাকায় টিকাদান কার্যক্রম চালু হয়। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন জানান, এই কর্মসূচির আওতায় জেলায় মোট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, লক্ষ্যমাত্রার অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকা দেওয়া সম্ভব হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সদর উপজেলা, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। সীমান্তবর্তী এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে সোনামসজিদ ইমিগ্রেশন জিরো পয়েন্টে নজরদারিও জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক আবু সালেহ মো. মুশা জঙ্গী বলেন, জেলায় হামের প্রাদুর্ভাব বেশি হওয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ এই টিকাদান কর্মসূচির মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালের আইসোলেশন কর্নারে ৬০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে ২৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত তিন মাসে জেলায় হামের উপসর্গ নিয়ে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এ সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ বাড়ায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে টিকা না নেওয়ার কারণেই সংক্রমণ বাড়ছে। তারা অভিভাবকদের শিশুদের দ্রুত টিকা দেওয়ার পাশাপাশি অসুস্থ শিশুদের অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদ বলেন, “বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় আশা করছি খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।”

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন