বরগুনাসহ দেশের ৩০টি উপজেলা ও পৌরসভা হাম সংক্রমণের হটস্পট
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন জেলায় হাম সংক্রমণের হটস্পট হিসেবে ৩০টি উপজেলা ও পৌর এলাকার তালিকা প্রকাশ করেছে।
শনিবার দুপুরে প্রকাশিত তালিকায় দেখা গেছে, বরগুনা, পাবনা ও চাঁদপুর শীর্ষে রয়েছে, যেখানে সংক্রমণের হার এবং ল্যাবরেটরিতে নিশ্চিত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
তালিকা অনুযায়ী, বরগুনা পৌরসভা ও সদর উপজেলায় ২৩ জনের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ২৩ জন, ৫–১০ বছর বয়সী ২ জন এবং ১০ বছরের বেশি বয়সী ১ জন আক্রান্ত হয়েছেন। প্রতি ১০ লাখে আক্রান্তের হার ২৯৪.৫, যা তালিকায় সর্বোচ্চ।
পাবনা পৌরসভা ও সদর উপজেলায় মোট ৩২টি কেসের মধ্যে ৫ বছরের নিচে ২৩ জন, ৫–১০ বছর বয়সী ৪ জন এবং ১০ বছরের বেশি ৫ জন আক্রান্ত হয়েছেন। সেখানে প্রতি ১০ লাখে আক্রান্তের হার ১৭৯.৬।
চাঁদপুর পৌরসভা ও সদর এলাকায় ২৪টি কেসের মধ্যে ২১ জনই ৫ বছরের কম বয়সী শিশু। এ এলাকায় আক্রান্তের হার ১৭১.১।
এছাড়া কক্সবাজারের মহেশখালী, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, ময়মনসিংহ সদর ও ত্রিশাল, নেত্রকোনার আটপাড়া, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জসহ আরও বেশ কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে।
তালিকার নিচের দিকে থাকা এলাকায় রয়েছে ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগর, শরীয়তপুরের জাজিরা, ঝালকাঠির নলছিটি প্রভৃতি এলাকা—যেখানে প্রতি ১০ লাখে আক্রান্তের হার ৫১ থেকে ৬০-এর মধ্যে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ২৭৫টি ল্যাবরেটরি-নিশ্চিত কেসের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ২২৪ জন, ৫–১০ বছর বয়সী ২৩ জন এবং ১০ বছরের বেশি বয়সী ২৮ জন। এতে দেখা যাচ্ছে, শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো না হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।
১২২ বার পড়া হয়েছে