বাবুগঞ্জে অবৈধ ডিজেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার লোহালিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে হান্নান হাওলাদার তার বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ করেছিলেন। অভিযোগের সত্যতা যাচাই করার পরই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জব্দ করা ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, “জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মজুদকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”
অভিযানকালে বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
১০৫ বার পড়া হয়েছে