নরসিংদীতে চোরাই ডিজেল তেলসহ বাবা-ছেলে গ্রেফতার
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেল তেলসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১ এপ্রিল) বিকালে উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার সাহাদ মিয়ার ছেলে মো: রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চোরাই তেল মজুদের একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ দল বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পূর্বে একটি দোকান থেকে ৪২০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। এ সময় বাবা ও ছেলে ঘটনাস্থল থেকেই গ্রেফতার হন।
স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে চোরাই তেল মজুত করে ব্যবসা চালাচ্ছিল। পুলিশের অভিযানের পর বিষয়টি সকলের সামনে আসে এবং এতে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
ওসি মো: আবুল কায়েস আকন্দ বলেন, “সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল তেল জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় চোরাকারবারির মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।”
১৯৯ বার পড়া হয়েছে