ভুয়া কাগজপত্রে তেল নিতে গিয়ে ধরা পড়ল ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলায় ভুয়া চাহিদাপত্র দেখিয়ে ৩০০ লিটার তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মকর্তা। পরে বিষয়টি প্রকাশ্যে আসার পর তেল ফিলিং স্টেশনে ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চার কর্মকর্তা সরকারি গাড়িতে এক একটি করে ড্রাম ও ব্যারেল নিয়ে তেল নিতে যান। রবিউল আলম তার স্বাক্ষরিত একটি চাহিদাপত্র জমা দেন।
প্রথমে তাদের ২০০ লিটার পেট্রোল দেওয়া হয়। পরে তারা আরও ১০০ লিটার অকটেন নেওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে ফিলিং স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলা হয়। পরে জানা যায়, অফিসের কোনো প্রয়োজন ছাড়াই ব্যক্তিগত ব্যবহারের জন্য তেল নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসলে নেওয়া তেল ফিলিং স্টেশনে ফেরত নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলের জন্য তেল নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি জানার পর তাদের তিরস্কার করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, এ ধরনের অনৈতিক কাজ যাতে পুনরায় না ঘটে, সেজন্য তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো তেল তাদের দেওয়া হয়নি।
নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, তিনি ছুটিতে ছিলেন। দায়িত্বে থাকা রবিউল আলম ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য এভাবে তেল নেওয়ার চেষ্টা করেছেন, যা পুরোপুরি অনৈতিক। তিনি ফোনে তাদের বকাঝকা করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, তিনি সদ্য যোগদান করেছেন এবং বিষয়টি আগেই জানতেন না। সরকারি গাড়ি ও তেলের ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনিয়মের মধ্যে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং অভিযুক্তদের বদলি করা হতে পারে।
১০৫ বার পড়া হয়েছে