কুমিল্লায় তিনটা বগি রেখেই দূরে গিয়ে থামলো উদয়ন এক্সপ্রেস
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চলা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, বুধবার সকাল ৬টায় বিচ্ছিন্ন হওয়া বগির পাশে ছিল ‘গার্ড ব্রেক’ বগি, যেখানে ট্রেন পরিচালক বা গার্ড থাকেন। এ বগিতে ক্যান্টিন এবং ১৫টি যাত্রীর আসন থাকে। বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও তাদের মধ্যে দুভোর্গ দেখা দেয়।
ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে ট্রেনের ইঞ্জিনের সাথে বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে হাসানপুর এলাকা ছেড়ে যায়।
কুমিল্লা হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, “সকাল ৬টা ৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেন হাসানপুর রেলস্টেশন পার হয়। পরে স্টেশনের বাইরে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ট্রেনের কর্মচারীরা প্রায় আধা ঘণ্টা পর বগি পুনঃসংযোগের মাধ্যমে ট্রেনটি চলাচলের জন্য প্রস্তুত করেন। ২০ মিনিট পর ডাউনলাইন দিয়ে চলাচল স্বাভাবিক হয়।”
বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১০৪ বার পড়া হয়েছে