সুন্দরবনে মধু আহরণ মৌসুমের উদ্বোধন, ভেজাল রোধে কড়া বার্তা প্রতিমন্ত্রীর
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৩:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের মধু আহরণ মৌসুম। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম খাঁটি মধু সংরক্ষণে ভেজাল রোধে কঠোর অবস্থানের কথা জানান।
বুধবার (১ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মৌসুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী বলেন, “মধু আল্লাহর এক বিশেষ নেয়ামত—এতে কোনোভাবেই ভেজাল মেশানো চলবে না।” তিনি সুন্দরবনের প্রাকৃতিক মধুকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করার ওপরও গুরুত্বারোপ করেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বনদস্যু দমনে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, “সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে। তবে এজন্য স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক আফরোজা আক্তার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এবং স্থানীয় মৌয়াল নজরুল প্রমুখ।
বন বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে প্রায় ১১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত পারমিট নিয়ে মৌয়ালরা দলবদ্ধভাবে গভীর বনে প্রবেশ করে প্রাকৃতিক চাক থেকে মধু আহরণ করবেন। সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত এই কার্যক্রম চলে।
১২৫ বার পড়া হয়েছে