রাঙামাটিতে ৪১ হাজার গাছ রোপণ কর্মসূচি শুরু
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটিতে সড়ক ও জনপথ বিভাগ ৪১ হাজার গাছ রোপণের কর্মসূচি শুরু করেছে।
আজ বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের যৌথ খামার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের সরকারের ৫ বছরের ২৫ কোটি গাছ রোপণ উদ্যোগের অংশ।
সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদি ইকবাল সকাল ১১টায় গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-দ্বিভাগীয় প্রকৌশলী রনেল চাকমা এবং সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চাঙ্গা উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটি জেলার সদর উপজেলা, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার সড়কের দুপাশ এবং অফিস কম্পাউন্ডের খালি জায়গায় আগামী পাঁচ বছরের মধ্যে ক্রমান্বয়ে ৪১ হাজার গাছের চারা রোপণ করা হবে। তিনি আরও জানান, চলতি বছরে ১ হাজার চারা রোপণ করা হবে এবং পরবর্তী চার বছরে প্রতি বছর ১০ হাজার করে চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
রোপিত গাছের মধ্যে রয়েছে জারুল, পলাশ সোনালু, লাল সোনাই, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সাজিনা, নিম, মনিমালা, বসন্ত মঞ্জুরি, আমলকি, মান্দার, বকুল, জলপাই, আমড়া, বহেরা, হরিতকি, ছাতিম, নাগেশ্বর, পাকুর ইত্যাদি। রোপণকৃত চারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সড়ক ও জনপথ বিভাগ।
১৯৬ বার পড়া হয়েছে