জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ লক্ষ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে আয়োজিত এক বৈঠকে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি খাতে উদ্ভূত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
এ সময় দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১২২ বার পড়া হয়েছে