আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাহর আকাশে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করে। তবে ধ্বংস হওয়া ড্রোনটির অংশবিশেষ নিচে পড়ে গিয়ে আল রিফা এলাকার একটি খামারে কর্মরত ওই বাংলাদেশির ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানায়, ড্রোনটি আল রিফা এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে লক্ষ্যবস্তু করে গুলি করা হয়। পরে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
সংগঠনটি আরও জানায়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করলেও এর ধ্বংসাবশেষের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে, দেশটির সরকারি কর্মকর্তারা জনগণকে সঠিক তথ্যের জন্য কেবল সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। তারা জানান, ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন।
সূত্র: আল জাজিরা
১৩৩ বার পড়া হয়েছে