বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল প্রায় তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উজ্জ্বল কর্মকারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত উজ্জ্বল কর্মকার উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম অজিত কর্মকার।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ চরের তরমুজের জমি লিজ ও টাকা লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে প্রথমে তরমুজ চাষি ফিরোজ গাজীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে ফিরোজ গাজীর নেতৃত্বে প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালানো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে উজ্জ্বল কর্মকার গুরুতর আহত হন। এছাড়া দাসপাড়া এলাকার শামিম হাওলাদার (৩৫) ও মিজান গাজী (৪০) আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ভাই তাপস কর্মকার অভিযোগ করে বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানের অবহেলার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলে তাকে বাঁচানো সম্ভব হতো।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চন্দ্রদ্বীপ এলাকার জালাল গাজী ও ফিরোজ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কোনো অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৪ বার পড়া হয়েছে