বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ১ নিহত, ৭ আহত
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আউলিয়াপুর এলাকার ‘রেইনট্রি তলা’ স্থানে বরিশালগামী দ্রুতগতির শ্রাবণী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনায় অটোরিকশায় থাকা হেমায়েত রাজা নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত হেমায়েত রাজার বাড়ি ঢাকার মতিঝিল গুলবাগ এলাকায়। এছাড়া অটোরিকশা ও বাসের যাত্রীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গুরুতর আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার কারণে মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, ঘাতক বাস চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১২২ বার পড়া হয়েছে