নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শিবপুর উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।
মঙ্গলবার (৩১ মার্চ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২(ক)(১) মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
তার নিয়োগের খবরে নরসিংদী জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাসম্পন্ন একজন যোগ্য ব্যক্তিকেই এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তোফাজ্জল হোসেনের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ডাকে হরতালে অংশ নিয়ে তিনি গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি নরসিংদী ও নারায়ণগঞ্জে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়া ২০১৮ সালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে পুনরায় গ্রেপ্তার হন তিনি।
পেশাগত জীবনে তোফাজ্জল হোসেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায়ও তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান এবং নরসিংদী মহকুমা গ্রাম সরকারের সাবেক নির্বাচিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৩২ বার পড়া হয়েছে