কাগজে শতভাগ বিদ্যুৎ, বাস্তবে অন্ধকারে কলাপাড়ার ৩ গ্রামের শতাধিক পরিবার
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে ২০০১ সালে কাগজে-কলমে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হলেও বাস্তব চিত্র ভিন্ন।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী, উত্তর চরপাড়া ও ইসলামপুর গ্রামের শতাধিক পরিবার এখনও বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। ফলে এসব গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনে ভরসা কেরোসিনের বাতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে এসব গ্রামের অধিকাংশ পরিবার বিদ্যুৎ সংযোগের জন্য চেষ্টা চালিয়ে গেলেও কোনো সুফল পায়নি। পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, ঠিকাদার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার ধর্না দিয়েও প্রতিকার না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন গ্রামবাসী।
ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের আশ্বাস দিয়ে ঠিকাদারী পক্ষের লোকজন অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা আবু ইউসুফ আকন জানান, তাঁদের এলাকায় অন্তত দশটি পরিবারের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। কয়েকটি বিদ্যুতের খুঁটি বসানো হলেও এখনো তার টানা হয়নি, সংযোগ তো দূরের কথা।
বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আরামগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী মো. সিয়াম জানায়, তাদের এখনো কেরোসিন ল্যাম্প বা হ্যারিকেন জ্বালিয়ে পড়তে হয়। অনেক পরিবারের সোলার প্যানেল থাকলেও তা প্রয়োজন মেটাতে পারছে না।
এ বিষয়ে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল বলেন, তিনটি গ্রামের শতাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এসব গ্রামের পাশাপাশি আরও পাঁচটি গ্রামের কিছু পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। এ জন্য প্রায় ১৮ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন স্থাপন করতে হবে, যা সময়সাপেক্ষ হলেও প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে উপজেলা পরিষদ ও জেলা পরিষদের সভায় লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
দীর্ঘদিন পরও বিদ্যুৎ সুবিধা না পাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিও জানিয়েছেন তারা।
১২৩ বার পড়া হয়েছে