গোপালগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না ক্রেতারা।
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ থাকায় বিপাকে পড়েছেন পাম্প মালিক থেকে শুরু করে সাধারণ ভোক্তারা। সংকটের কারণে জেলার অনেক ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রবিবার (২৯ মার্চ) দুপুরে জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, জেলার ২২টি ফিলিং স্টেশনের মধ্যে অর্ধেকেরও বেশি বন্ধ রয়েছে। চালু থাকা স্টেশনগুলোতে মোটরসাইকেল ও গাড়িচালকদের দীর্ঘ লাইন দেখা গেছে, যা অনেক ক্ষেত্রে ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না; কেউ কম তেল নিয়ে ফিরছেন, আবার কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন।
সংকট মোকাবিলায় মোটরসাইকেলে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে তেল সরবরাহ সীমিত করা হয়েছে। তবে দূরপাল্লার বাসগুলোকে প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী গোপনে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন। প্রতি লিটার তেলের দাম ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের যানবাহন ব্যবহার করতে পারছেন না। অনেকেই পেট্রোল ও অকটেনকে ‘সোনার হরিণ’-এর সঙ্গে তুলনা করছেন।
একজন মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বলেন, তার কাজের প্রয়োজনে প্রতিদিন প্রায় ৫০০ টাকার তেল লাগে। কিন্তু ফিলিং স্টেশনে গিয়ে মাত্র ২০০ টাকার তেল পাচ্ছেন, যা দিয়ে কাজ চালানো সম্ভব হচ্ছে না।
অন্যদিকে ট্রাকচালক শরীফ শেখ জানান, ঢাকা থেকে খুলনায় যাওয়ার পথে বিভিন্ন পাম্পে ঘুরেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না। গোপালগঞ্জের পরিস্থিতিও একই রকম।
মিতা ফিলিং স্টেশনের মালিক শেখ মাসুদুর রহমান বলেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। আগে যেখানে দুই-তিন গাড়ি তেল পাওয়া যেত, এখন সেখানে অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে, তাও আবার একদিন পরপর রেশনিং পদ্ধতিতে।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, প্রশাসন নিয়মিত ফিলিং স্টেশন তদারকি করছে। পাশাপাশি হাট-বাজারে অভিযান চালিয়ে তেল মজুদের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে